বিএনপির নেতাকর্মীদের পদ্মা সেতু পার না হওয়ার আহ্বান শাজাহান খানের

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২২:২৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আপনি (খালেদা জিয়া) বলেছিলেন, এই সরকার পদ্মা সেতু তৈরি করতে পারবে না। পদ্মা সেতু জোড়াতালি দিয়ে হচ্ছে। কেউ পদ্মা সেতু পার হবেন না। আমরা দোয়া করি, বেগম জিয়া বেঁচে থাকুন। আপনি যেদিন পদ্মা সেতু দিয়ে পার হবেন, সেদিন জিগ্যেস করব, আপনি কথা রক্ষা করছেন না কেন? বিএনপির কোনো নেতা যেন পদ্মা সেতু পার না হয়, আমরা তাদের আহ্বান জানাব। কেননা, আপনাদের নেত্রীর নির্দেশ তো আপনাদের মানতে হবে।’ শাজাহান খান বলেন, দেশের অর্থেই পদ্মা সেতু তৈরি করা হচ্ছে। পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে বিএনপির ষড়যন্ত্র-চক্রান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রধানমন্ত্রী সেটি করে দেখিয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত মুক্তিযোদ্ধাদের মিলনমেলা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষ্যে এই মিলনমেলার আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র নায়ার কবির।