মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হলেও সংঘর্ষ লেগেই আছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ উলানিয়ার পশ্চিম সুলতানী ও যাদুয়া গ্রামে নৌকা ও আনারস (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নৌকা প্রতীকের সমর্থকদের ১৯টি বসতঘর, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরসহ ধারালো অস্ত্রের আঘাতে ২০ জন আহত হন। আহতদের মধ্যে আলমগীর মাঝি (৪০) ও মিরাজ সিকদারকে (২২) গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগ নেতা কাজী আব্দুল হালিম মিলন চৌধুরী জানান, তার প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী রুমা সরদারের সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরসহ ধারালো অস্ত্র দিয়ে তার সমর্থকদের কুপিয়ে জখম করেছেন। তিনি জানান, কর্মীদের চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ১০ ডিসেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু উলানিয়া ইউনিয়ন পরিষদ বিভক্তিকরণের বিষয়ে দায়েরকৃত হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। পরে ৬ ডিসেম্বর কমিশনের নির্বাচন পরিচালনা-২-এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে এ নির্বাচন স্থগিত করা হয়।
