ছাত্রলীগের কর্মী দ্বীপ হত্যা

আদালতে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২২:২৫

কলেজছাত্র ও ছাত্রলীগ কর্মী অভিষেক দে (দ্বীপ) হত্যা মামলায় দীর্ঘ ১১ মাস তদন্তের পর সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার শাহপরাণ থানা পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই শ্যামলেন্দু ঘোষ এজাহার নামীয় চার জনসহ ৯ জন ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

আলোচিত এই হত্যা মামলায় প্রত্যক্ষদর্শী ও নিহত দ্বীপের বন্ধুসহ ২৫ জনকে সাক্ষী করা হয়। সরস্বতী পূজার টাকা নিয়ে দ্বন্দ্ব ও সিনিয়র-জুনিয়র বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।  জানা যায়, ৬ ফেব্রুয়ারি টিলাগড় এলাকায় বন্ধুদের নিয়ে দ্বীপ ফুটবল খেলা দেখতে গেলে সৈকত নামের এক যুবক দ্বীপের গলায় ছুরিকাঘাত করলে দ্বীপ মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এই হত্যার ঘটনার দুই দিন পর দ্বীপের পিতা দিপক দে বাদী হয়ে ৮ ফেব্রুয়ারি সমুদ্র সৈকতকে প্রধান আসামি করে চার জনের নাম উল্লেখসহ আরো ৯ জনকে আসামি করে শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় অভিযুক্তরা হচ্ছে :  সমুদ্র রায় সৈকত, সৌরভ দে, পূজন দেব, সাগর দে, সঞ্জয় দে, জুবায়ের হাসান রিমেল, আদনান আহমেদ, শাহরিয়ার কবির ভৌমিক ও সজিব দে।

এসআই শ্যামলেন্দু ঘোষ বলেন, পুলিশ ঘটনার পরপরই সৈকতকে গ্রেফতার করে। এরপর সঞ্জয় ও হিমেলকে গ্রেফতার করে পুলিশ। তবে মামলার অন্যরা পলাতক রয়েছেন।