আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, লাখো শহিদের রক্তে অর্জিত এদেশে কোনো উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি বাঙালির হূদয়ে আঘাত। এর নেপথ্যে যারা মদত এবং অর্থের জোগান দিচ্ছে, তাদেরও খুঁজে বের করা হবে।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবার এবং মুক্তিযুদ্ধ নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। এখন হঠাত্ করে আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, তাদের জনস্বার্থে কঠোর হাতে দমন করা হবে। ভাস্কর্য ইস্যুতে দেশি-বিদেশি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্য সুদৃঢ় জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সব অপকৌশল মোকাবিলা করা হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ওবায়দুল কাদের বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডে সমর্থন দিয়ে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তারা যে মুক্তিযুদ্ধবিরোধী বলয়ের পৃষ্ঠপোষক তা ইতিমধ্যেই প্রমাণ করেছে। দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনে-অপ্রয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এক্ষেত্রে কিছু কিছু ভাস্কর্যের সঙ্গে বঙ্গবন্ধুর ছবির মিল থাকছে না, কখনো কখনো নকশা বা ডিজাইনেরও ত্রুটি দেখা যাচ্ছে। তাই ভাস্কর্য নির্মাণে বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি গ্রহণ ছাড়া ভাস্কর্য নির্মাণ করা থেকে বিরত থাকতে হবে। ‘সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থায় পরিণত করেছে’ মর্মে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই ধরনের বক্তব্য ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। বিএনপি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে ব্যর্থতার দায় চাপাচ্ছে নির্বাচন কমিশনের ওপর। যারা ভোটের দিন কেন্দ্রে না যাওয়ার মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে, তাদের এ অপপ্রয়াস জনগণের কাছে স্পষ্ট।
এর আগে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময়ে বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক পুরোনো এবং অভিন্ন বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ ও তুরস্ক উদার গণতন্ত্র চর্চায় বিশ্বাসী।
রাষ্ট্রদূত জানান, ২০১৮ সালে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি আরো জানান, ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে তুরস্ক জুড়ে অনেক ভাস্কর্য রয়েছে। কিন্তু এ নিয়ে তুরস্কে কোনো ভিন্নমত কিংবা বিতর্ক নেই।
