টাঙ্গাইলে কৃষি জমি দখল করে ইটভাটার রাস্তা নির্মাণের অভিযোগ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২৩:২৩

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া ও বহুরিয়া গ্রামে ইট ভাটায় মাটি নেওয়ার জন্য নিরীহ ও অসহায় কৃষকদের তিন ফসলি জমি দখল করে জোর পূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র নিরীহ কৃষকদের জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করতে চলেছেন। ভুক্তভোগী কৃষকরা জানান, রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

অভিযোগকারী কৃষকরা বলেন, চান্দুলিয়া ও বহুরিয়া মৌজায় গ্রামের কৃষকদের কয়েক সহস্রাধিক বিঘা তিন ফসলি জমি রয়েছে। প্রতি বছর শুকনো মৌসুম এলেই স্থানীয় একটি প্রভাবশালী মহল ইট ভাটা তৈরির জন্য এই এলাকার আশপাশের জমি থেকে নানা কৌশলে জমি থেকে টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে। তাদের মাটি কাটতে বাঁধা দিলেও নানা ভাবে হুমকি দুমকি দেওয়া হয়। গত ৭-৮ দিন ধরে রাতের আঁধারে ও প্রকাশ্যে বহুরিয়া গ্রামের চাঁন মিয়া ও তার সহযোগী এবং পাশের দেওহাটা গ্রামের ইলিয়াজ মিয়া ও আলমগীরসহ ১৫-২০ জন যোগসাজস করে রাতের আঁধারে তিন ফসলি জমি দখল করে অবৈধভাবে রাস্তা নির্মাণ করেছে। এই রাস্তা দিয়ে বিভিন্ন ক্ষেত এবং নদীর মাটি কেটে ড্রাম ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছে। এই চক্রের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাদের নানাভাবে হয়রানী করা হচ্ছে। 

এ ব্যাপারে অভিযুক্ত ইলিয়াজ, চাঁন মিয়া ও আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, বহুরিয়া এলাকায় তাদের কিছু নিজস্ব জমি রয়েছে এবং মাটি ব্যবসার জন্য এলাকার কয়েকজন কৃষকের জমি ভাড়া নিয়েছেন। কাউকে কোনো হুমকি দেওয়া হয়নি বলে তারা দাবি করেন। 

আরও পড়ুন: নওগাঁয় বিদ্যুতের ঝুঁকিপূর্ণ সংযোগ, আতঙ্কে এলাকাবাসী

সরকারি রাস্তা দখল এবং ইট দিয়ে ভরাট করে ফেলার জন্য উপজেলা প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি তারা এড়িয়ে যান। 

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, এলাকার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসি