জঙ্গিবাদ, মৌলবাদ ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবলীগ। মঙ্গলবার বিকালে মহানগরীর চান্দনা চৌরাস্তায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহমান শপিংমলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমীন, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাজীবুল হাসান রাজীব, যুবলীগ নেতা তামিম আল মারুফ, সাইদুল ইসলাম, আদনান মণ্ডল, সামসুল ইসলাম, মোক্তার হোসেন, ছাত্রলীগ নেতা নওফেল আজাদ রাফি, সায়মন সরকার প্রমুখ। সমাবেশে বক্তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
