নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী দখল করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা সরকার পছন্দ করে না। নদী অবৈধভাবে দখল করে কেউ উন্নয়নের সুযোগ পাবে না। নদী তীরের জমি দখলরোধে সরকার সঠিক পথে এগুচ্ছে। নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর কার্যক্রমে হাইকোর্টে সন্তুষ্ট এবং দেশবাসীও সন্তুষ্ট। গতকাল মঙ্গলবার শ্যামপুরে বিআইডব্লিউটিএর ভাসমান ডক পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারির কারণে উচ্ছেদ কার্যক্রম ধীরগতিতে চললেও বর্তমানে কার্যক্রম চলমান রয়েছে। ধারাবাহিকভাবে কাজ করা হবে। নদী তীরের সীমানা চিহ্নিত করা হয়েছে। নদীর জমি নদীকে ফিরিয়ে দিতে চাই। গতকাল শ্যামপুরে ভাসমান ডকে বিআইডব্লিউটিএর জাহাজ ‘ধ্রুবতারা’ এর আনডকিং করা হয়। ধ্রুবতারা জাহাজ দিয়ে অভ্যন্তরীণ এবং উপকূলীয় নৌপথের বিভিন্ন রুটে নির্বিঘ্নে জাহাজ চলাচলের জন্য বয়া-বিকন স্থাপন ও প্রতিস্থাপনের কাজ করা হয়ে থাকে।
