ক্যাপ্টেন আকরাম আহমেদ বীর-উত্তম রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০০:২৫

কিলো ফ্লাইটের বৈমানিক মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদ, বীর-উত্তমকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার বিদেহি আত্মাকে সম্মান জানাতে বিমান বাহিনী একটি ফ্লাই পাস্টের আয়োজন করে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। গত সোমবার তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর পক্ষে অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকী, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, ভারতীয় হাইকমিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জে এস চিমা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ডিমাপুরে তিনটি বিমান নিয়ে গঠিত কিলো ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়। ১০ জন কর্মকর্তা ও ৪৭ জন বিমানসেনার সমন্বয়ে গঠিত কিলো ফ্লাইটের ৫০টি সফল অপারেশন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বিশেষ ভূমিকা রেখেছিল। ক্যাপ্টেন আকরাম আহমেদ, বীর-উত্তম ছিলেন এই কিলো ফ্লাইটের একজন গর্বিত সদস্য। ১৯৪৬ সালের ৯ জানুয়ারি তিনি যশোর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।