পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানির এমডিসহ ছয় পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কাছে চিঠি দিয়েছে কমিশন।
গত ৬ ডিসেম্বর পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে পাঠানো বিএসইসি পরিচালক রিপন কুমার দেবনাথ স্বাক্ষরিত এক চিঠিতে নিষেধাজ্ঞা তালিকায় ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যান তাসবিরুল আহমেদ চৌধুরী ও আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আজিমুল ইসলাম এবং ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের এমডি মোহাম্মদ আলীর নাম রয়েছে। এছাড়া ঐ চিঠিতে ইমান বাটনের তিন পরিচালক জেবুননেসা আক্তার, হামিদা বেগম ও লোকমান চৌধুরীর নাম রয়েছে ।
চিঠিতে বলা হয়, তিন কোম্পানির এমডি-চেয়ারম্যানসহ ছয় পরিচালক পুঁজিবাজার থেকে বিভিন্ন সময়ে আইপিও, আরপিও, রাইট শেয়ারের মাধ্যমে অর্থ উত্তোলন এবং সেকেন্ডারি মার্কেটে তারা বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছেন। এর মাধ্যমে তারা কমিশনের বিভিন্ন আইন লঙ্ঘন করেছেন উল্লেখ করে চিঠিতে আরো বলা হয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিএসইসি বিভিন্ন সময়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাদের কমিশনে ডাকলেও তারা উপস্থিত হননি অথবা ব্যাখ্যা দিতে অসমর্থ হয়েছেন। তাছাড়া বিভিন্ন কারণে কমিশন মনে করে তারা অচিরেই দেশত্যাগ করতে পারেন। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে এই ছয় পরিচালক সম্পর্কে বিএসইসি থেকে পরবর্তী তথ্য না দেওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ করা হয়।
