বিচারপতি সিনহার অর্থ পাচারের মামলায় সাক্ষ্যগ্রহণ অব্যাহত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০০:২৬

ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে ৪ কোটি টাকা আত্মসাত্ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এক ব্যাংক কর্মকর্তা। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই সাক্ষ্যগ্রহণ করেন। পদ্মা ব্যাংকের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট আতিফ খালেদের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২৮ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত বছরের ১০ জুলাই দুদক বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করে। এ মামলায় গত ১৩ আগস্ট ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।