পদ্মায় ডুবে যাওয়া ফেরি ‘রাণীগঞ্জে’র উদ্ধার কাজ গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত শুরু হয়নি। ২২০ টন ওজনের ফেরিটি পদ্মা থেকে টেনে তুলতে ২৫০ টন ক্ষমতার উদ্ধারকারী জাহাজ নির্ভীক বরিশাল থেকে রওনা হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় মাওয়ায় পৌঁছালেও এখনো ঘটনাস্থলে যেতে পারেনি।
জানা যায়, রবিবার রাত পৌনে ১১টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে জাজিরার কাছে ড্রেজারের ধাক্কায় ২১টি যানবাহন ভর্তি ডাম্প ফেরি রাণীগঞ্জের তলা ফেটে যায়। পরে বাংলাবাজার ঘাটে নোঙর করে। ডুবে যেতে থাকা ফেরি থেকে ২১টি যানবাহন এবং ৫ শতাধিক যাত্রীকে দ্রুত নামিয়ে আনা সম্ভব হয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। বিআইডব্লিউটিসির জিএম মো. আশিকুজ্জানকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ফেরিটি ডুবে যাওয়ার কারণ উদ্ঘাটনে কাজ করছে।
বিআইডব্লিউটিএর পরিচালক আব্দুল মতিন বলেন, বাংলাবাজার ঘাটেই উদ্ধারকারী জাহাজ রুস্তম রয়েছে। কিন্তু এটির ক্ষমতা ৭০ টন। তাই নির্ভীক তলব করতে হয়েছে। ৭০ বছরের পুরোনো ইঞ্জিনবিহীন ডাম্প ফেরি ‘রাণীগঞ্জ’ এই প্রথম ডুবল।
