ট্রাম্পের মেয়ে ও জামাতা ২৫৫ কোটি টাকায় জমি কিনেছেন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০০:৩৮

মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার মিয়ামি দ্বীপের টনি ইন্ডিয়ান ক্রিক ভিলেজে ৩ কোটি ডলারে (২৫৫ কোটি টাকা) একখণ্ড জমি কিনেছেন। উচ্চ নিরাপত্তাবিশিষ্ট মিয়ামি দ্বীপের এই এলাকা ‘বিলিওনেয়ার বাঙ্কার’ বলেও পরিচিত। ইয়াহু নিউজের খবরে বলা হয়েছে, ঐ জমির পরিমাণ ১ দশমিক ৮ একর। তারা গায়ক জুলিও ইগলেসিয়াসের কাছ থেকে এটি কিনেছেন। ঐ জায়গায় ১৩ জন পুলিশ সদস্য এবং অস্ত্রধারী মেরিন ইউনিট ২৪ ঘণ্টা পাহারায় থাকবে। ট্রাম্পের মেয়ে ও জামাতার জমি কেনার বিষয়ে জানতে চাওয়া হলেও হোয়াইট কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর নিজেকে ফ্লোরিডার বাসিন্দা হিসেবে ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, ২০ জানুয়ারি ক্ষমতার পালাবদলের পর তিনি ফ্লোরিডার পাম বিচে বসবাস শুরু করবেন।