প্রাইম ব্যাংকের এমডি রাহেল আহমেদের পদত্যাগ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৬:১৭

প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাহেল আহমেদ পদত্যাগ করেছেন। গত সোমবার তিনি ব্যাংক‌টির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার বোর্ড সভায় তার পদত্যাগ অনুমোদন হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার দুপুরে দৈনিক ইত্তেফাককে রাহেল আহমেদ বলেন, গত পরশু আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। আরো ভালো সুযোগ গ্রহণ এবং নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য জন্য পদত্যাগ করেছি।

আরো পড়ুন: বিশ্বে ৮ কোটিরও বেশি লোক বাস্তুচ্যুত : জাতিসংঘ

প্রাইম ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী রবিবার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাহেল আহমেদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন করে তার মেয়াদ বাড়ানো হচ্ছে না এটি তিনি জানতে পেরেছিলেন। তাই মেয়াদ শেষের কয়েকদিন আগেই তিনি পদত্যাগ করলেন।

জানা গেছে, রাহেল আহমেদ ২০১৭ সালের ১৪ ডিসেম্বর তিন বছরের জন্য প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান। সে হিসেবে ১৩ ডিসেম্বর তার এমডি মেয়াদের শেষ দিন। এম‌ডি নিয়োগ হওয়ার আগে রাহেল আহমেদ প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন।

ইত্তেফাক/এএএম