বিনোদন রিপোর্ট
প্রথমবারের মতো গান গাইলেন চিত্রনায়ক ফেরদৌস। ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে এতে ফেরদৌসের সহশিল্পী হিসেবে কণ্ঠ দেন দিলশাদ নাহার কণা। ‘তুমি কাছে এলে’ শিরোনামের গানটি রচনা করেছেন রবিউল ইসলাম জীবন। ইমরান জানান, ১০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিতব্য ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ মঞ্চের অন্যতম চমক হিসেবে ফেরদৌস-কণা এই গানটি পারফর্ম করবেন।
ফেরদৌস-কণার ‘তুমি কাছে এলে’ গানটির আগেই ইমরান-নুসরাত ফারিয়া গেয়েছেন ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ শিরোনামের একটি নতুন গান। ইমরানের সুর-সংগীতে গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ আসরে এই দুটি গানের চমক ছাড়াও ৩টি মনোনয়ন পেয়ে বেশ এগিয়ে আছেন ইমরান মাহমুদুল। এরমধ্যে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী, সেরা দ্বৈত গানের জুটি হিসেবে কণা ও আনিসার সঙ্গে আরো দুটি মনোনয়ন পেয়েছেন ইমরান।
