বোন্দা উপজাতি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২০:১৯

ভারতের উড়িষ্যার মালকানগিরি জেলায় পাহাড়ে বাস করে বোন্দা নামের এক বিচিত্র উপজাতি। সভ্য সমাজ থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন এই উপজাতিদের নিয়মকানুন, সমাজব্যবস্থা এতোটাই বিচিত্র—যা বিস্ময়কর। আধুনিক সভ্যতার এই যুগে তারা এখনো পাহাড়ি অরণ্যে নিজেদের প্রাচীন আচরণবিধি অনুশীলন করে থাকে। বোন্দা উপজাতির পুরুষেরা শল্প নামক এক ধরনের পামগাছের রস নেশাদ্রব্য হিসেবে ব্যবহার করে থাকে। নেশাগ্রস্ত পুরুষদের সংসারের দিকে একেবারেই নজর থাকে না। বোন্দা সমাজ নিয়ন্ত্রণ করে মেয়েরা। মেয়েরা পুরুষদের সঙ্গে নেশা করলেও সংসারের হাল এবং সন্তান লালনপালনের দায়িত্ব নিজেদের কাঁধেই রাখে। এখানকার বিয়ের রীতিনীতিও সম্পূর্ণ আলাদা। মেয়েরা তাদের চেয়ে দশ বছর কম বয়েসী পুরুষদের বিয়ে করে থাকে, যেন সংসার এবং সমাজের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকে। বোন্দাদের পোশাকের ধারাও ভিন্ন। মেয়েরা যে পোশাকটি ব্যবহার করে সেটাকে বলা হয় রিংগা। তাদের কানে থাকে শুকনো ঘাসের ফুল আর গলায় রঙিন হার।

বোন্দা পাহাড়ে যাওয়ার জন্য উড়িষ্যা সরকারের বিশেষ অনুমতি নিতে হয়। পাশাপাশি প্রয়োজন হয় সশস্ত্র রক্ষীর। বোন্দা উপজাতির কমবেশি সবারই খুব দ্রুত মাথা গরম হয়ে যায়। তারা কখন কী করবে—আগে থেকে বোঝা যায় না। বোন্দা উপজাতিরা এখনো বিষাক্ত তীরের আঘাতে মেরে ফেলতে পারে যে কোনো অনুপ্রবেশকারীকে।

নাজমুল আলম