দীপ মুখোপাধ্যায়
চতুষ্পদের থেকেও চতুর চতুর্বাহু প্রাণী
হস্তক্ষেপে ব্যস্ত ওরা পদক্ষেপে নয়
চায়ের ঠেকে এক দঙ্গল রোজ করে গুলতানি
ঝোপ বুঝে কোপ মারতে জানেন ওঁদের কতিপয়।
দুইখানা হাত যাচ্ছে দেখা বাদবাকি অদৃশ্য
দক্ষ ওঁরা ধান্দাবাজির মোক্ষলাভের জন্য
ওদের নিয়ে গবেষণায় বিস্মিত এই বিশ্ব
পান থেকে চুন খসলে কেঁদে ভাসান জনারণ্য।
পদযুগল নেই বলে তো ছুড়তে জানেন জুতো
স্বভাব শুধুই নাক গলানো আলোকে আন্ধারে
যতই দেখি ততই যেন হচ্ছি অভিভূত
চারখানা হাত দিয়ে দেশের হাল ধরতে পারে।
আবাল বৃদ্ধ, চতুর্ভুজের দারুণ অনুসারী—
গুগল থেকে বুক অফ নলেজ এনেছে সম্মুখে
ঠ্যাংহীন, তাই দিচ্ছে হামা করছে না পায়চারি
কার্টুনগুলোর ভাট-বাখোয়াজ টুকেছি নোটবুকে।
