সৈয়দপুর ও বেলকুচি পৌরসভা নির্বাচন
ইত্তেফাক ডেস্ক
নীলফামারীর সৈয়দপুর ও সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা জনসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :
সৈয়দপুর (নীলফামারী) :সম্ভাব্য মেয়র প্রার্থী ও কাউন্সিলররা পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণা শুরু করেছেন। কর্মী-সমর্থকদের নিয়ে চলছে মতবিনিময়। এরই মধ্যে কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহও করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম এ তথ্য জানান। বিএনপি প্রার্থী হিসেবে অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার বর্তমানে একক প্রার্থী রয়েছেন। অন্যদিকে সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী আট প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এরা হলেন—সাবেক মেয়র আখতার হোসেন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, আওয়ামী লীগের সেকেন্দার আলী, সাখাওয়াত হোসেন খোকন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা ফিরোজ, প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ ও পিকে সাইদুল। উল্লেখ্য, ইসির ঘোষিত তপশিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১৬ জানুয়ারি।
বেলকুচি (সিরাজগঞ্জ) :নির্বাচন সামনে রেখে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও নৌকা প্রতীকের প্রার্থী সাজ্জাদুল হক রেজা মনোনয়নের জন্য তৃণমূলে ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি আশা করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ দলীয় মনোনয়ন তাকেই দেবে। তিনি এরই মধ্যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন রীতিমতো। সাজ্জাদুল হক রেজা বলেন, আশা করি কেন্দ্র এবার তৃণমূলকে মূল্যায়ন করে নৌকা প্রতীক আমাকে দেবে। পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। উল্লেখ্য, বেলকুচি পৌরসভা নির্বাচন ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
