বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর
ইত্তেফাক ডেস্ক
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্থানে বুধবারও বিক্ষোভ ও সমাবেশ অব্যাহত ছিল। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
নেত্রকোনা : নেত্রকোনা শহর ও পূর্বধলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলায় বেলা ১১টা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসে এসে শেষ হয়। এছাড়া নেত্রকোনা শহরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া নেত্রকোনা জেলা নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগেও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নওগাঁ : জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কটিয়াদী (কিশোরগঞ্জ) : কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কটিয়াদী কলেজ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নাঙ্গলকোট (কুমিল্লা) : উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নাঙ্গলকোট রেলস্টেশন এলাকা উপজেলা ছাত্রলীগ কার্যালয় থেকে শুরু হয়ে পৌর বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলা লোটাস চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ার পয়সা বন্দরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
কেশবপুর (যশোর) : কেশবপুরে বুধবার বিকালে মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শহিদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
