টেকনাফে ৫০ হাজার ইয়াবা জব্দ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:২৯

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে নাফনদী সাঁতরে ইয়াবা আনার সময় বুধবার ভোররাতে বিজিবি জওয়ানরা ধাওয়া করে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার থেকে মাদক আসার খবর পেয়ে বিএসপি পোস্ট ও ছ্যুরিখাল পয়েন্ট-সংলগ্ন বেড়ি বাঁধে অবস্থান নেয়। পরে এক ব্যক্তি সাঁতরে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবি চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে কুয়াশার মধ্যে দুষ্কৃতকারী পালিয়ে যায়। পরে নাফনদীর কিনারায় ঘটনাস্থল তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ঐ ইয়াবা জব্দ করা হয়। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, এসব ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।