মঠবাড়িয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:২৯

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সোবাহান প্যাদা (৪৫)। বুধবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলামের উপস্থিতিতে উপজেলার কবুতরখালী গ্রামের সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোবাহান প্যাদা উপজেলার দক্ষিণ কবুতরখালী গ্রামের মৃত তুজাহার আলী প্যাদার ছেলে। নিহতের স্কুলপড়ুয়া মেয়ে সাদেকা আক্তার বলেন, বাবার সঙ্গে গ্রামের কারো বিরোধ ছিল না। তবে দুই মাস আগে আমার ভাইকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে এলাকার কয়েক জন যুবক মারধর করে। এ ঘটনার প্রতিবাদ করায় বাবাকে ঐ যুবকরা হুমকি দেয়। এরপর তারা একবার বাবাকে মারধর করতে আসে। আমার বাবার হত্যার বিচার চাই। মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত কৃষকের শরীরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) হাসান মোস্তফা স্বপন বলেন, পূর্বশত্রুতার জের ধরে ঐ কৃষক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।