আড়ানী পৌরসভা নির্বাচন
বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘার আড়ানী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত মেয়র পদে দুই জন, সাধারণ আসন পুরুষ ২৬ জন এবং সংরক্ষিত আসনে ১০ জন নারী প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাচন অফিস। বুধবার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেন আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি শিক্ষক নজরুল ইসলাম। এর আগে আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পির পক্ষে তার নিজ দলের নেতাকর্মীরা উপজেলা নির্বাচন অফিসে এসে মনোনয়নপত্র উত্তোলন করেন। এদিকে সাধারণ কাউন্সিলর পদে এখন পর্যন্ত ৩৬ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মুজিবুল আলম জানান, আগামী ১৬ জানুয়ারি আড়ানী পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ ডিসেম্বর, যাছাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর।
