ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষ্যে বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল উপজেলা প্রশাসন ও ত্রিশাল রিপোর্টার্স ক্লাব পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন। তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি, চির উন্নত মম শির ও জয় বাংলা ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জয় বাংলা ভাস্কর্যের সামনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অপরদিকে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধের সংগঠক জৈমত আলী মাস্টারের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন প্রমুখ। শেষে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
