সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:৩১

পাঁচ দফা দাবিতে চিনিকল শ্রমিকদের স্মারকলিপি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল বন্ধের প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের শ্রমিকরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে দেশের ১৫টি চিনিকল চালু রাখার দাবি করা হয়েছে। ঐ দিন চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে স্মারকলিপি দেন।

আশ্রয়ণ-২ প্রকল্পের কাজ পরিদর্শন

স্টাফ রিপোর্টার রংপুর তারাগঞ্জের পাঁচটি ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে ২০টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। মঙ্গলবার বিকালে এর নির্মাণকাজ পরিদর্শন করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় উপস্থিত ছিলেন রংপুর উপপরিচালক স্থানীয় সরকার সৈয়দ ফরহাদ হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সিংড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সিংড়া (নাটোর) সংবাদদাতা উপজেলায় বড়সাঐল স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। বুধবার সকালে বড়সাঐল উচ্চ বালিকা বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।

মাদক ও ধর্ষণকে লালকার্ড প্রদর্শন

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুর থানা চত্বরে মাদক ও ধর্ষণকে লালকার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। এর আগে বুধবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা গাছের চারা হাতে দিয়ে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ করে। শপথবাক্য পাঠ করান সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির।

দুর্নীতিবিরোধী মানববন্ধন ও পথসভা

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বুধবার সকালে উপজেলার জাঙ্গিরাই চত্বরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, ওসি সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।

কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মনপুরা (ভোলা) সংবাদদাতা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট এর আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ৩০ জন কৃষককে নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী। প্রধান অতিথি ছিলেন কৃষিবিভাগের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। 

 

 

০