দ্বিতীয়বারের মতো ‘এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ আয়োজনের ঘোষণা দিয়েছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ। দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশি ব্যাবসায়িক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ। এবছর অ্যাওয়ার্ডস আয়োজনের মূল থিম হচ্ছে ‘সহনশীলতার বছর’ বা ‘দি ইয়ার অফ রেজিলিয়েন্স’। এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের নমিনেশন ফর্ম পূরণের মাধ্যমে আটটি ক্যাটাগরিতে অংশগ্রহণের সুযোগ রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও ব্রিটিশ হাইকমিশন, ঢাকা এই আয়োজনের পৃষ্ঠপোষক। এ বিষয়ে এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুবউর রহমান বলেন, এই অ্যাওয়ার্ডসমূহের মাধ্যমে আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাবসায়িক প্রতিষ্ঠানসমূহের অবদানকে স্বীকৃতি প্রদান তথা তাদের সার্বিক সহায়তা প্রদান এবং ব্যবসায় সম্প্রসারণে নানা বৈশ্বিক সম্ভাবনার সঙ্গে তাদের সম্পৃক্ত করে দিচ্ছি—বিশ্বব্যাণিজ্যে যা বিগত ১৫৫ বছর ধরে আমরা করে আসছি। নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জানুয়ারি। —প্রেস বিজ্ঞপ্তি
