কানাডায় ঘাতক দল পাঠাননি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:৩৬

দাবি যুবরাজ মোহাম্মদের

সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরিকে হত্যার জন্য কানাডায় ঘাতক দল পাঠানোর অভিযোগ অস্বীকার করে এ নিয়ে দায়ের করা মামলা থেকে নিস্তার চেয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

কানাডায় ঘাতক দল পাঠিয়ে বিন সালমান তাকে হত্যার চেষ্টা করেছেন অভিযোগ করে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে সাদ আল-জাবরির করা মামলা খারিজ চেয়ে সোমবার আবেদন করেছেন সালমানের আইনজীবীরা।

সৌদি আরবের সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের সাবেক সহযোগী ও নির্বাসিত গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরি গত আগস্টে যুক্তরাষ্ট্রের আদালতে ১০৬ পৃষ্ঠার অভিযোগ দাখিল করে ঐ মামলা করেন।

২০১৭ সালে সৌদি রাজপরিবারে ঘটে যাওয়া এক অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ বিন নায়েফকে হটিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও দেশটির ডি-ফ্যাক্টো নেতা হিসেবে আবির্ভূত হন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিবিসি ও আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে দায়ের ঐ মামলায় আল-জাবরি অভিযোগ করেছেন, তিনি তিন বছর আগে সৌদি আরব থেকে পালিয়ে কানাডায় যান। সেখানে তাকে হত্যার চেষ্টা চালানো হয়। জাবরির অভিযোগ, ২০১৭ সালের অভ্যুত্থানে সাবেক ক্রাউন প্রিন্স নায়েফকে ক্ষমতাচ্যুত করা ছাড়াও আরো অনেক গোপন ও মারাত্মক তথ্য জানেন আর তাই তাকে হত্যা করতে চান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মামলায় জাবরি দাবি করেন, ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে আরেক নির্বাসিত সৌদি সাংবাদিক খাশোগিকে নৃশংসভাবে হত্যার ১৩ দিনের মাথায় কানাডায় ঘাতক দল পাঠান সালমান।