সড়ক দুর্ঘটনায় একের পর এক ঝরে যাচ্ছে তাজা প্রাণ। দিশেহারা হয়ে পড়ছে কোনো না কোনো পরিবার। দিন যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই মৃত্যুর মিছিলও তাল মিলিয়ে এগোচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে, প্রতিবছর গড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা যায়। ২০ হাজারেরও বেশি মানুষ পঙ্গুত্ববরণ করে। এর মধ্যে ৮০ ভাগ মানুষই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে মহাসড়ক রয়েছে ১১ হাজার ৮০৬ কিলোমিটারের বেশি। সড়ক মহাসড়কে রেজিস্ট্র্রেশন করা বিভিন্ন যান চলাচল করে প্রায় ২৯ লাখ। তবে বাস্তবে এ সংখ্যা ৩৫ লাখেরও বেশি। এর মধ্যে বৈধ চালক আছে মাত্র ১৬ লাখ। বাকিগুলোর স্টিয়ারিং ঘোরাচ্ছে অবৈধ চালকরা! জনমনে এখন একটাই প্রশ্ন—এই মৃত্যুর মিছিল থামবে কবে?
ইসরাত জাহান, শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
