দৈনন্দিন জীবনে সব কাজে ওজন পরিমাপের বিষয়টি জড়িত। হাট-বাজারে, ক্রয়-বিক্রয়ে সবজি, মাছ, মাংস, চাল, ডাল, তেল প্রায় সমস্ত জিনিস ওজন পরিমাপ করে কিনতে হয়। অসাধু বিক্রেতারা ওজনে কারচুপি করে ক্রেতাদের ঠকিয়ে থাকে। ক্রেতাদের সামনে মেশিনের মাধ্যমে ওজন মাপা হলেও সেখানে বিভিন্ন কায়দায় হেরফের করা হয়। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে সেসব। অনেক বিক্রেতা বিএসটিআই অনুমোদনহীন মিটার স্কেল ব্যবহার করেন। কেনা পণ্যের যথাযথ ওজন যাচাইয়ের ব্যবস্থা না থাকায় ওজনে কম দিয়ে অধিক লাভবান হওয়ার প্রবণতা যেমন বাড়ছে, তেমনি ক্রেতাসাধারণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই ক্রেতা ও ভোক্তাদের স্বার্থে হাটবাজারে পণ্যের ওজন যাচাইয়ের জন্য দৃষ্টিগোচর স্থানে ডিজিটাল মিটার স্কেল স্থাপনের জন্য ইজারাদার, বাজার-ব্যবস্থাপক ও সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এবং বিএসটিআই অনুমোদনহীন মিটার স্কেল ব্যবহার বন্ধে মূল্যতালিকা প্রদর্শন না করার প্রবণতা, অধিক মূল্যে পণ্য বিক্রি, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে বাজারে পণ্যসামগ্রীর পর্যাপ্ত সরবারাহ নিশ্চিত এবং ওজনে কারচুপি অপরাধ আইন বিষয়ে গণসচেতনতা সৃষ্টি করতে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
মো. সাইমুন
শিক্ষার্থী, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম
