সর্বকনিষ্ঠ উইকেটকিপার হিসেবে টেস্ট অভিষেক হয়েছিল পার্থিব প্যাটেলের। মাত্র ১৭ বছর ১৫৩ দিন বয়সে অভিষেক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে তার ক্যারিয়ার খুব বেশি বড় হয়নি। সেজন্য নিজের ফর্মহীনতা এবং মহেন্দ্র সিং ধোনির আবির্ভাবকে দুষতে পারেন পার্থিব প্যাটেল। গতকাল সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গুজরাটের এই ক্রিকেটার। ৩৫ বছর বয়সে ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি। ভারতের হয়ে ২৫ টেস্ট খেলে ৩১.১৩ গড়ে ৯৩৪ রান করেছেন। উইকেটকিপার হিসেবে ছিল ৭২ ডিসমিসাল (৬২ ক্যাচ, ১০ স্টাম্পিং)। আর ৩৮ ওয়ানডেতে ৩৯টি ডিসমিসাল (৩০ ক্যাচ, ৯ স্টাম্পিং)। টি-২০তেও ভারতের হয়ে দুইটি ম্যাচ খেলেছিলেন তিনি।
