স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু টি-২০ কাপ থেকে ছিটকে পড়লেন আবু জায়েদ রাহী। গত মঙ্গলবার বাঁ পায়ের পেশীতে টান পড়ায় স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন বরিশালের এই ডানহাতি পেসার। টুর্নামেন্টই শেষ হয়ে গেছে রাহীর। মঙ্গলবার রাতে বরিশাল শিবির জানিয়েছিল, রাহীর চোট গুরুতর নয়। গতকাল অবশ্য ফিজিও জয় বিশ্বাসের বরাত দিয়ে বরিশালের মিডিয়া বিভাগ জানিয়েছে, অন্তত ১৫ দিন বিশ্রামে থাকতে হবে রাহীকে।
জয় বিশ্বাস বলেছেন, ‘রাহী বাঁ পায়ের পেশীর চোটে পড়েছেন। তার ইনজুরি প্রথম গ্রেডের। ক্রিকেটে ফিরতে তার ১৫ দিন সময় লাগবে।’ রাজশাহীর বিপক্ষে ম্যাচের ৯ম ওভারের দ্বিতীয় বলটি করতে গিয়ে পেশীতে টান পড়ে রাহীর।
এদিকে রাহীর বদলি হিসেবে বাঁ-হাতি পেসার সালাউদ্দিন শাকিলকে দলে ভিড়িয়েছে বরিশাল। করোনা পরীক্ষা শেষে দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
বেক্সিমকো ঢাকা শিবিরেও পরিবর্তনের খবর আছে। করোনার উপসর্গ থাকায় হোটেল রুমেই আইসোলেশনে রাখা হয়েছে বাঁহাতি পেসার মেহেদী হাসান রানাকে। ইতিমধ্যে তার বদলিও ঠিক করে ফেলেছে ঢাকা। রানার জায়গায় আল-আমিন জুনিয়রকে দলে ভেড়াচ্ছে তারা। গতকাল ঢাকার সঙ্গে অনুশীলনও করেছেন আল-আমিন জুনিয়র।
