আহত ২০, ইউএনওর একাত্মতা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
হাইকোর্টের নির্দেশ অমান্য করে বালু ভরাট করায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা, ভোলাবো, দাউদপুর, রূপগঞ্জ ও কায়েতপাড়া ইউনিয়নের কৃষিজমি রক্ষার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় উপজেলা ভূমি অফিসের সামনে তারা এ মানববন্ধন করে। এ সময় ভূমিদস্যুদের নিয়োজিত সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে মানববন্ধনকারী ২০ কৃষক আহত হন।
আহত কৃষকদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। ভূমিদস্যুদের পক্ষে পুলিশের গ্রেফতার এড়াতে আহত কৃষকদের পরিচয় প্রকাশ করা হয়নি। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান আন্দোলনরত কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে কৃষিজমি ও জলাশয় ভরাট করা হচ্ছে। জমি না কিনেও বিভিন্ন আবাসন প্রকল্প বালি ভরাট করে কৃষকের জমি দখলে নিচ্ছে। প্রতিবাদ করলেই পুলিশ ও সন্ত্রাসীদের হামলা-মামলার ভয়ে বাড়ি ছাড়তে হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান বলেন, কৃষকদের দাবি যৌক্তিক। কৃষি জমিতে বালু ভরাট ও মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। হাইকোর্টের আদেশ অনুযায়ী কৃষি জমিতে বালু ভরাট ও মাটি কাটা সম্পূর্ণ নিষেধ। আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
