ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের নামে পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের আসাম রাজ্যের বালিপাড়া ফাউন্ডেশন। আগামী বছর ২০২১ থেকে ‘লতিফুর রহমান নেচারনোমিকস অ্যাওয়ার্ড’ নামে এ পুরস্কার দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও খুলনার সুন্দরবন এলাকায় প্রকৃতি ও জীবিকার জন্য অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে এই পুরস্কার। ‘ইস্টার্ন হিমালয়ান নেচারনোমিকস ফোরাম ২০২০’ শীর্ষক চার দিনের ভার্চুয়াল সম্মেলন শেষে গত শনিবার এই পুরস্কার চালুর কথা ঘোষণা করা হয়।
বালিপাড়া ফাউন্ডেশন ভারতের আসামভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন। এ বছর সংগঠনটির অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বিশেষজ্ঞরা। ব্যবসাজগতে অনুকরণীয় ব্যক্তিত্ব লতিফুর রহমান গত ১ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের ফারাজ মঞ্জিলে মারা যান। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি বেশ কিছু স্বীকৃতি ও সম্মাননা পান। তিনি প্রথম আলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান এবং ডেইলি স্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
