ডাক বিভাগের মাধ্যমে নিউ ইয়র্কে ইয়াবা পাচার, গ্রেফতার ৪

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:০৫

বিশেষ প্রতিনিধি

পোস্ট অফিসের মাধ্যমে পার্সেলযোগে অভিনব পন্থায় নিউ ইয়র্কে ইয়াবা পাচারের ঘটনায় চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে—নাহিদ পারভেজ তাহিন, মিজানুর রহমান জুয়েল, মোহাম্মদ ইমাম হোসেন খান রাহাত ও মোহাম্মদ রাজীব হাওলাদার। খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী জানান, রবিবার খিলগাঁও থানার রামপুরা বনশ্রী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে গোপন সূত্রে জানা যায়। প্রাপ্ত্য তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, সম্প্রতি তারা কক্সবাজার থেকে এস এ পরিবহনের মাধ্যমে পার্সেল আকারে আনীত ইয়াবার চালান ঢাকা থেকে সংগ্রহ করে। সংগৃহীত ইয়াবার চালান গত রবিবার নিউ ইয়র্কে পাঠানোর উদ্দেশ্যে জিপিওতে জমা দেওয়ার বিষয় স্বীকার করে। অভিযুক্তদের প্রদত্ত তথ্যের আলোকে জিপিও কর্তৃপক্ষের সহযোগিতায় উক্ত পার্সেলটি শনাক্ত করা হয়।