রিমান্ড শেষে স্বাস্থ্যের গাড়িচালক মালেক কারাগারে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:০৬

বিশেষ প্রতিনিধি

অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক (বরখাস্ত) আবদুল মালেক ওরফে বাদলকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই আদেশ দেন। গতকাল দুই মামলায় চার দিনের রিমান্ড শেষে মালেককে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে মামলার তদন্ত সংস্থা র্যাব-১। এর আগে গত ১ ডিসেম্বর দুই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

উল্লেখ্য, অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাব-১ গত ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে আবদুল মালেককে গ্রেফতার করে

এই ঘটনায় র্যাব-১-এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) আলমগীর হোসেন বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। পর দিন দুই মামলায় মালেকের সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ৫ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। রাজধানীর তুরাগে গাড়িচালক আবদুল মালেকের রয়েছে ২৪টি ফ্ল্যাটবিশিষ্ট সপ্তম তলাবিশিষ্ট দুটি বিলাসবহুল বাড়ি। একই এলাকায় ১২ কাঠার প্লট। এছাড়া হাতিরপুলে দশম তলা ভবনের নির্মাণকাজ চলছে।