৪৬২ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:০৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগ ‘ঘরে ঘরে বিদ্যুত্’ পৌঁছে দেওয়ার অঙ্গীকার সামনে রেখে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে আরইবির আওতাধীন ৪৬২টি উপজেলার গ্রিডভুক্ত এলাকায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২৮৮টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন হয়েছে এবং অবশিষ্ট ১৭৩টি উপজেলায় বিজয়ের মাসেই শুভ উদ্বোধনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর ফলে আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুত্শক্তিকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হয়েছে।

বর্তমানে এ সংস্থার মোট গ্রাহকসংখ্যা ৩ কোটি ৩ লাখ, যা জাতীয় গ্রাহকসংখ্যার প্রায় ৮০ শতাংশ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত ৩০ বছরে মাত্র ৭৪ লাখ গ্রাহককে সংযোগ প্রদান করা হয়েছিল। অন্যদিকে, বর্তমান সরকারের আমলে ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত মাত্র পৌনে ১২ বছরে ২ কোটি ২৯ লাখ গ্রাহক সংযোগ প্রদান করা হয়েছে। দুর্গম, প্রত্যন্ত চরাঞ্চলে অবস্থিত অফগ্রিড একটি উপজেলাসহ (পটুয়াখালীর রাঙ্গাবালি) ১ হাজার ৫৯টি গ্রামে চলমান শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।  —প্রেস বিজ্ঞপ্তি