সাতক্ষীরার ভোমরায় ট্রাকের চাপায় দুই জন নিহত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:০৭

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরায় পাথরের ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন আরেক আরোহী। আহতকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, বুধবার বিকালে ভাড়ায় যাত্রীবহনকারী স্থানীয় মোটরসাইকেল ড্রাইভার কবির হোসেন যশোর নওয়াপাড়ার দুই ব্যবসায়ী সাধন ও চৈতন্য দত্তকে সঙ্গে নিয়ে ভোমরা বন্দরের দিক থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এ সময়ই বিপরীত দিক থেকে আসা পাথরের ট্রাক তাদের চাপা দিলে মোটরসাইকেল ড্রাইভার কবির হোসেন (৩৫) ও আরোহী সাধন কুমার সেন (৪৫) ঘটনাস্থলে মারা যান। আরোহী চৈতন্য দত্তকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকের ড্রাইভার তাত্ক্ষণিক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ। সাতক্ষীরা সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থল থেকে নিহতদের নিয়ে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।