সদরপুর (ফরিদপুর ) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বাংলার মাটিতে জামায়াত-শিবির ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। স্বাধীনতার পর থেকেই দেশে বিভিন্ন ভাস্কর্য তৈরি হয়ে আসছে। এছাড়াও ইসলামিক দেশগুলোতে ভাস্কর্য আছে। অথচ দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি নিয়ে হেফাজত ইসলামের মামুনুল হক জামায়াত-শিবির, বিএনপি নিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছে। আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা এ অপশক্তির বিরুদ্ধে লড়তে প্রস্তুত আছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশ আজ দ্রুতগতিতে উন্নয়নের দোরগোড়ায় পৌঁছাচ্ছে।
তিনি গতকাল বুধবার বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর দারোগা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান শিকদার, সদরপুর থানা অফিসার ইনচার্জ এস এম তুহিন আলী, চরবিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের সদস্য গোলাম রাব্বানী পান্নু, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুুল প্রমুখ।
