ঘুড়ির সুতায় আটকে গাছের সাথে ঝুলছিল একটি কাক। খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কাকটিকে উদ্ধার ও মুক্ত করেছে। বুধবার সকালে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার সড়ক ডিভাইডারের একটি গাছ থেকে কাকটি উদ্ধার করা হয়।
জানা গেছে, কাকটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসে ফোন করেছিলেন লক্ষ্মীপুর এলাকার একটি ওষুধের দোকানের কর্মী উজ্জ্বল হোসেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি কাকটিকে গাছের ডালে ঝুলতে দেখেন। এরপর আর খেয়াল করেননি। বুধবার সকালেও দোকানে এসে তিনি কাকটিকে আগের দিনের মতোই ঝুলতে দেখেন। এরপর খবর দেন ফায়ার সার্ভিসে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করেন।
এই উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার লতিফুল বারী।
তিনি জানান, গাছের ডালে আটকে ছিল একটি ঘুড়ি। সেই ঘুড়ির সুতায় আটকা পড়েছিল কাকটি। তাদের কর্মীরা মই নিয়ে গাছে উঠে সুতোটি কেটে দেন। তখন কাকটা ওড়ার চেষ্টা করে। কিন্তু অসুস্থ থাকায় খুব বেশি উড়তে পারেনি। এভাবেই মাটিতে এসে নামে। তখন কাকটিকে উদ্ধার করে খবর প্রদানকারী উজ্জ্বলের হেফাজতে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
