১ জানুয়ারি থেকে আট ঘণ্টার বেশি কাজ নয়

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:৪৪

আগামী ১ জানুয়ারি থেকে আট ঘণ্টার (সকাল ৯টা থেকে বিকাল ৫টা) বেশি কাজ করবে না বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল কর্মীরা। পাশাপাশি সপ্তাহে দুই দিন সাপ্তাহিক ছুটিসহ সব গেজেটেডে ছুটি ভোগ করবে তারা। গতকাল বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাস কুমার মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি উচ্চ আদালতের চলমান কনটেম্ট পিটিশন ০৯/২০১৮-এ রেলওয়ে কর্তৃপক্ষ এক হলফনামায় উল্লেখ করে যে, রেলওয়ের সংকেত বিভাগের মাঠ পর্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা কনটিনিউয়াস ক্যাটাগরি হিসেবে সব সুযোগ-সুবিধা পাচ্ছেন। কিন্তু নিরাপদ ও গতিশীল ট্রেন পরিচালনার কারিগরদের এখনো কোনো প্রকার সুযোগ-সুবিধা ব্যতিরেকে দিনে ২৪ ঘণ্টা সপ্তাহে সাত দিন দায়িত্ব পালন করানো হচ্ছে।

জানা যায়, চলমান মামলার পরিপ্রেক্ষিতে এ বছরের ১ জানুয়ারি রেলওয়ের মহাপরিচালক আদালতে একটি হলফনামা জমা দেন। যাতে উল্লেখ করা হয়, তারা চলতি বছরের ১৫ অক্টোবর থেকে সব সুযোগ-সুবিধাসহ কনটিনিউয়াস কর্মচারীর মতো দায়িত্ব পালন করছেন। বাস্তবে তা না পাওয়াতে সংগঠনের সভাপতি ও মামলার ১ নম্বর বাদী প্রভাস কুমার মল্লিক গত ৭ ডিসেম্বর মহাপরিচালককে পত্র দ্বারা জানান যে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে তারা আট ঘণ্টা কর্মসময়, সপ্তাহে দুই দিন সাপ্তাহিক ছুটিসহ সব গেজেটেড ছুটি ভোগ করবে। এতে রেলওয়ে প্রশাসন থেকে কোনোরূপ আপত্তি এলে প্রমাণিত হবে যে, আদালতে দেওয়া হলফনামা মিথ্যা এবং বিষয়টি আদালতের গোচরীভূত করা হবে।