ফেরি বন্ধ থাকায় দুই নৌ-রুটে দীর্ঘ যানজট

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:৪৪

ঘন কুয়াশার কারণে গত কয়েক দিন ধরে নদীতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে মঙ্গলবার রাত থেকে ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটেও মঙ্গলবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিল দীর্ঘ ৭ ঘণ্টা। কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নদীর দুই পাড়ে যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রীরা। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, ঘন কুয়াশায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে নদী পারের অপেক্ষায় আটকা পড়ে শত শত যানবাহন।

বিআইডব্লিউ­টিসি দৌলতদিয়া কার্যালয়ের সহব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন বলেন, দুর্ঘটনা এড়াতে রাতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে ফেরি চলাচল শুরু হয়। এই নৌ-রুটে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। দুর্ভোগ কমাতে আটকে থাকা যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হবে।

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে তিন দিনে অন্তত ৩২ ঘণ্টা ফেরি-লঞ্চ-কার্গো চলাচল বন্ধ ছিল। উভয় ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় যাত্রীসাধারণ, মালিক-চালকসহ সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েছেন। পাটুরিয়া ঘাটে যানজট এড়াতে পণ্যবাহী ট্রাক উথলী মোড় থেকে আরিচা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কে পার্শ্বে দাঁড় করিয়ে রাখায় চালক-হেলপার সীমাহীন দুর্ভোগ পোহায়। পাটুরিয়ায় নির্মিত কয়েকটি টার্মিনাল ইয়ার্ডে গাড়ি না রেখে রাস্তার পাশের খোলা অবস্থায় ট্রাক দাঁড় করিয়ে রাখায় সংশ্লিষ্টদের খাবার ও বিশ্রামের সমস্যা সৃষ্টি হচ্ছে। উথলী-পাটুরিয়া ফেরি সংযোগ সড়কে প্রায় সাত কিলোমিটার এলাকা ও ঘাটে পর্যাপ্ত শৌচাগার না থাকায় নারী-শিশু ও বৃদ্ধ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শিমুলিয়া-বাংলাবাজার রুটে ঘন কুয়াশায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার ভোর ৬টায় চালু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যায়। দুপুরেও সূর্যের দেখা মেলেনি। বর্তমানে এই রুটে ১৪টি ফেরি চলাচল করছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে শত শত যান পারাপারের অপেক্ষায় রয়েছে। এই রুটে চাপ বেশি থাকায় আরো একটি রো-রো ফেরি বৃদ্ধি করা হয়েছে। এদিকে পদ্মায় ডুবে যাওয়া ফেরি ‘রাণীগঞ্জ’কে উদ্ধার করতে আসা উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ বুধবার বাংলাবাজার পৌঁছেছে।