৫০০ টাকার জন্য মাকে রড দিয়ে পিটিয়ে জখম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:৪৫

নরসিংদীর পলাশে মাত্র ৫০০ টাকার জন্য বৃদ্ধা মা খোদেজা বেগমকে (৬০) লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে তার ছেলে খোরশেদ মিয়া (৪০)। এ ঘটনায় ভুক্তভোগীর ছোট বোন আছমা বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে পলাশ থানায় মামলা করেছেন। পরে স্থানীয়দের সহায়তায় পাষণ্ড ছেলে খোরশেদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

আছমা বেগম জানান, গত ৬ ডিসেম্বর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী খোদেজা বেগমের কাছে ৫০০ টাকা চায় তার ছেলে খোরশেদ মিয়া। এ সময় খোদেজা বেগম টাকা দিতে অস্বীকার করলে খোরশেদ তার মায়ের ওপর চড়াও হয়। পরে খোরশেদ ক্ষিপ্ত হয়ে নিজের ও প্রতিবেশীর খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে মাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা খোদেজা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত ছেলে খোরশেদ মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।