ফুলবাড়িয়া মার্কেটে আরো ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:৪৮

ফুলবাড়িয়া সুপার মার্কেটে আরো ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বুধবার বেলা ১২টা থেকে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়। চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপার নেতৃত্বে অভিযান চলে। ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে এই অভিযান চালানো হয়। আজ বৃহস্পতিবার ১১টা থেকে ফের অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএসসিসি কর্মকর্তারা। 

মঙ্গলবার প্রথম দিনের অভিযানে ৩০০টি দোকান উচ্ছেদ করা হয়েছিল। এ নিয়ে সেদিন পুলিশ-ব্যবসায়ী ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, ‘এই মার্কেটের  ভেতরে আরো অনেক অবৈধ দোকান রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।’  এদিকে আগের দিনের মতো গতকালও উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। তারা করপোরেশনকে দোকান ভাড়া দিয়েই ব্যবসা পরিচালনা করে আসছিল। হঠাত্ করে কোনো নোটিশ ছাড়াই এমন উচ্ছেদে করোনাকালে তাদেরকে পথে বসতে হবে।