যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের করা বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীদের তালিকায় ৩৯তম স্থান অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘দ্য ওয়ার্ল্ড’স হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল উইমেন’ শীর্ষক তালিকাটি মঙ্গলবার ম্যাগাজিনটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল টানা দশম বছর তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ড। নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তৃতীয় স্থান অর্জন করেছেন এবং রানী দ্বিতীয় এলিজাবেথ তালিকায় ৪৬ তম স্থান পেয়েছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে ফোর্বস বলেছে যে, শেখ হাসিনা দেশে সুসংহত গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। ম্যাগাজিনটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অফিসে এটি তাঁর চতুর্থ এবং টানা তৃতীয় মেয়াদ।
