বিপুল অর্থ, অস্ত্র-মদ ও সোনাসহ গ্রেফতারকৃত গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধানে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে দুদকের উপ-পরিচালক সামছুল আলম নেতৃত্বে একটি টিম তাকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।
দুদক সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে কমিশন গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকা ও তার স্ত্রী রওশন আক্তারের ৬ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। এর ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর গোল্ডেন মনির ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুদক। অন্যদিকে গত ৩ ডিসেম্বর ৩ কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদের অন্য মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক।
