নানা আয়োজনে রোকেয়া দিবস পালন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০০:১৬

নারী জাগরণের পথিকৃত্ বেগম রোকেয়া সাখাওয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে রোকেয়া দিবস। এদিন বেগম রোকেয়ার ১৪০তম জন্ম ও ৮৮তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর, আইন ও সালিশ কেন্দ্র (আসক), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় নারী জোট, বাংলাদেশ নারী মুক্তি সংসদ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এছাড়া বেগম রোকেয়ার জন্মভিটা রংপুরে তার ভাস্কর্য ‘আলোকবর্তিকা’র উদ্বোধনসহ দিনব্যাপী নানা আয়োজন ছিল।

রংপুর নগরীর শালবন ইন্দ্রা মোড়ে ২০ ফুট উচ্চতা সম্পন্ন ভাস্কর্য ‘আলোকবর্তিকা’ ভাস্কর্য নির্মাণ করেছে রংপুর সিটি করপোরেশন। সকালে মিঠাপুকুরের পায়রাবন্দের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে রোকেয়া দিবসকে ঘিরে দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

জাতীয় জাদুঘরের ‘রোকেয়া মানস’ শীর্ষক সেমিনার: বেগম রোকেয়ার স্মরণে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘রোকেয়া মানস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় জাদুঘরের উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন। জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসির সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও প্রাবন্ধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বেগম আকতার কামাল।

আইন ও সালিশ কেন্দ্রের আলোচনাসভা: আইন ও সালিশ কেন্দ্রের কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আসকের কর্মসূচি প্রধান নিনা গোস্বামী। কর্মসহূচী সংগঠক শিল্পী শর্মার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সি উপপরিচালক ফাতেমা মাহমুদা, সি সমন্বয়কারী দিলীপ কুমার পাল, সমন্বয়কারী রোকনুজ্জামান এবং সহ সমন্বয়কারী অনির্বান সাহা।

জাসদ ও জাতীয় নারী জোটের শ্রদ্ধা: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি বুধবার সকালে নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহিদ কর্নেল তাহের মিলনায়তনে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে মাল্যদান করে বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আখতার, সহসভাপতি ও জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, উম্মে হাসান ঝলমল, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামসুল ইসলাম সুমন প্রমুখ।

নারী মুক্তি সংসদের আলোচনাসভা: সম্পত্তিতে নারী-পুরুষের সমধিকার নিশ্চিতকল্পে সংসদে আইন পাশ করার দাবিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালন করেছে বাংলাদেশ নারী মুক্তি সংসদ। তোপখানা রোডস্থ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয় চত্বরে আয়োজিত এক সভায় বক্তারা এ দাবি জানান। আয়োজক সংগঠনের সভাপতি সাবেক সংসদ সদস্য হাজেরা সুলতানার সভাপতিত্বে ও নারী নেত্রী শিউলী সিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেগম লুত্ফুন্নেছা খান।