বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা সংকটজনক, তবে চিকিত্সায় সাড়া দিচ্ছেন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০০:১৭

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর গতকাল বুধবার তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার

দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সেই সমস্যা আরো বাড়ে। তারপর চিকিত্সকদের পরামর্শমতো দুপুর ২টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিত্সাধীন রয়েছেন সিপিএম নেতা।

হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেবের অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি যাবতীয় শারীরিক পরীক্ষানিরীক্ষা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের একটি সূত্রে খবর, তার চিকিত্সায় গঠন করা হতে পারে মেডিক্যাল টিম। হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো  হয়েছে, সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। তখন তার রক্তে অক্সিজেন সংবহনের মাত্রা ছিল ৭০ শতাংশ। তাকে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে ভর্তি করা হয়েছে। নিউমোনিয়া রয়েছে। তবে আরটিপিসিআর বা র্যাপিড টেস্টে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। তাকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে তার রক্তে অক্সিজেন সংবহনের মাত্রা ৯৫ শতাংশ। রক্তচাপ ও হূত্স্পন্দন স্থিতিশীল। অবস্থা গুরুতর হলেও তিনি চিকিত্সায় সাড়া দিচ্ছেন।

সাবেক মুখ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তির খবর শুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইটে উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনাও করেছেন। গত বছরের সেপ্টেম্বরেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সেই সময় নিউমোনাইটিসে আক্রান্ত হয়েছিলেন। তার পর থেকে বাড়িতেও নিয়মিত চিকিত্সকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।