বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৯তম শাহাদতবার্ষিকী আজ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০০:৩৫

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিনের ৪৯তম শাহাদতবার্ষিকী আজ। ’৭১-এর ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধারা ও মিত্রবাহিনী  যখন পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে একের পর এক শহর দখল করে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করছে, সেই মুহূর্তে খুলনার রূপসা নদীতে মুক্তিযোদ্ধাদের যুদ্ধজাহাজ কে বি এন এম পলাশের চিফ ইঞ্জিনরুম আর্টিফিসার অফিসার হিসেবে রুহুল আমিন কর্মরত ছিলেন। ১০ ডিসেম্বর এ যুদ্ধজাহাজে পাকিস্তানি হানাদার বাহিনী বিমান হামলা চালালে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় রুহুল আমিন জাহাজ থেকে রূপসা নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে নদীর পাড়ে ওঠেন। এ সময় নদীর পাড়ে ওত পেতে থাকা পাকিস্তানি হানাদারদের দোসর রাজাকার আলবদররা বেয়োনেট দিয়ে খুঁচিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। ১৪ ডিসেম্বর খুলনা শত্রুমুক্ত হওয়ার আগ পর্যন্ত তার লাশ ঐ স্থানে পড়ে থাকে। পরে স্থানীয় মুক্তিকামী মানুষ শহিদ রুহুল আমিনের মৃতদেহ উদ্ধার করে নদীর তীরে ফেরিঘাটের পার্শ্ববর্তী লকপুর নামক স্থানে সমাধিত করেন।