চীনের করোনা ভ্যাকসিন ৮৬ শতাংশ কার্যকর: আরব আমিরাত 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০২:১১

চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্মের তৈরি ভ্যাকসিন করোনার সংক্রমণ ঠেকাতে ৮৬ শতাংশ কার্যকর বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। 

আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মাঝারি ও মারাত্মক সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে এই ভ্যাকসিনটির শতভাগ কার্যকারিতা দেখা গেছে। এ ছাড়া ভ্যাকসিনটির কোনো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বিবৃতিতে আরো বলা হয় , আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনটিকে নিবন্ধিত করেছে আমিরাত।  

গত জুলাইয়ে আরব আমিরাতে বেইজিং ইনস্টিটিউট অব বায়োলোজিক্যাল প্রডাক্টের তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু হয়। এরপর গত সেপ্টেম্বরে ভ্যাকসিনটি করোনায় আক্রান্ত ঝুঁকিপূর্ণ মানুষের ক্ষেত্রে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় আমিরাত। আর আরব আমিরাতই প্রথম দেশ যারা চীনের তৈরি টিকার আন্তর্জাতিক অনুমোদন দিল।

ইত্তেফাক/এআর