মানহানির ১৪ মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখা হয়েছে। একইসঙ্গে মামলার কার্যক্রমের উপর দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আদালত। গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান।
টিভি টকশোতে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ২২টি মামলা হয়। এর মধ্যে ১৪টি মামলায় তাকে জামিন দেয় হাইকোর্ট। এসব মামলায় দেয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন ফকির ও মইনুল হোসেনের পক্ষে খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন। শুনানি শেষে চেম্বার আদালত আবেদনের উপর ‘নো অর্ডার’ দেয়। এর ফলে হাইকোর্টের আদেশ বহাল রইল বলে জানান খন্দকার মাহবুব হোসেন।
