নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে এ ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিরতিহীন ভাবে বিকেল ৫টা পর্যন্ত।
সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার কারণে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। প্রায় প্রতিটি ভোট কেন্দ্রই ছিলো ভোটার বিহীন। একজন-দুইজন করে এসে ভোট দিয়ে যাচ্ছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
উপজেলা পরিষদের এই উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীতপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুররউফ দুলু, বিএনপির মনোনীত প্রার্থী মোসারব হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মফিজ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা। মোট ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৫৮৭ জন। পুরুষ ভোটার ৭৪ হাজার ৮৬৫ জন এবং মহিলা ভোটার ৭৪ হাজার ৭২২ জন। মোট ৫৬ টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব মেনে ভোট গ্রহণ চলছে।
নির্বাচনী এলাকায় র্যাব, পুলিশ, বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে মোবাইলটিম।
উল্লেখ্য, রাণীনগর উপজেলাপরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল পদত্যাগ করে জাতীয় সংসদ উপ-নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়। ফলে রাণীনগর উপজেলা পরিষদের পদটি শূন্য হয়।
ইত্তেফাক/এমআর
