দেশের ঐতিহ্যবাহী অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার কর্ণধার সেলিম খান মারা গেছেন গতকাল সকাল ৭টার দিকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি গত ৪ ডিসেম্বর থেকে টানা ৬ দিন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। ৯ ডিসেম্বর দুপুর থেকে টানা ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে থেকে মারা গেছেন এই সংগীত পৃষ্ঠপোষক। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার প্রথম নাম ছিল ‘সামাদ ইলেক্টনিক’। ১৯৮০ সালে রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলী এলাকায় এই প্রতিষ্ঠান গড়ে ওঠে। সেলিম খানের পিতা আব্দুস সামাদ খান এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেই সময় শুধু বিদেশি হিন্দি, ইংলিশ গান কপি করে ক্যাসেট করে বিক্রি করা হতো। এটাকে কেন্দ্র করে অনেকেই এমন প্রতিষ্ঠান গড়ে তোলেন পাটুয়াটুলী মার্কেটে। তারপরে ১৯৮৪ সালের দিকে সেলিম খান সংগীতা গড়ে তোলেন এবং পুরোপুরি দায়িত্ব নেন প্রতিষ্ঠানের। দেশীয় শিল্পীদের ক্যাসেট প্রকাশ করতে শুরু করেন। বারী সিদ্দকী, সুবীর নন্দী, তপন চৌধুরী, কুমার বিশ্বজিত্, জেমস, আইয়ুব বাচ্চু, রবি চৌধুরী, বেবী নাজনীন, মমতাজ, কনকচাপা, ডলি সায়ন্তনী, হাসান চৌধুরী, বিপ্লব, আসিফ আকবর, আঁখি আলমগীর, হাসান, পথিক নবীসহ অনেকের ক্যাসেট প্রকাশিত হয়ে আলোচিত হয়েছে। জনপ্রিয় মাইলস ব্যান্ডের আলোচিত ‘প্রত্যয়’ ক্যাসেটও সংগীতা থেকে প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের সংগীত ইন্ডাস্ট্রি গড়ে ওঠার পেছনে সেলিম খান ও সংগীতার অবদান অনেক। তার মেধা, অর্থ, শ্রমের বিনিময়ে আজকের এই সংগীত বিশাল ইন্ডাস্ট্রি হয়েছে। এখান থেকে প্রকাশিত প্রতিটি ক্যাসেটের গায়ে ছোট করে লেখা থাকতো ‘সেলিম খান নিবেদিত’।
